অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
গাজীপুরে এক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজের বাংলোতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের কাজী আজিম উদ্দিন কলেজ রোডে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় ওই দুই বিচারকের বাংলোতে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো: বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে জিএমপির সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করেছে। আটককৃতরা হলো-মাসুম, মোজাম্মেল, মানিক মিয়া ও সবুজ। তাদের সোমবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়।
এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন সরকারি বাসভবন ‘গোধূলী’ বাংলোতে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ বসবাস করেন। সাপ্তাহিক ছুটির কারণে তারা শনিবার রাতে সরকারি বাসভবনে অনুপস্থিত ছিলেন। এ সুযোগে শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল পৌনে ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা ঐ বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা বাংলোর বিভিন্ন কক্ষ থেকে এসি ইনডোর ও আউটডোর, বৈদ্যুতিক সংযোগের তামার তার ও মাটির নিচের তার, বাসার কাপড়-চোপড়সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, রবিবার সকাল পৌনে ১১টার দিকে অফিস সহায়ক আল আমিন ফকির ও আনিস বাসভবনে গিয়ে প্রধান ফটক ভাঙা অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি বিচারককে জানান। পরে বিচারক বাসায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলার বাদি আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বলেন, ‘চুরির ঘটনায় জিএমপির সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।’
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, চুরির ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে কোর্টে চালান দেওয়া হয়েছে।



Post Comment