সুবর্ণচরে অবৈধভাবে সার পাচারের সময় ট্রলারসহ ৪শ বস্তা সার জব্দ
নোয়াখালীর সুবর্ণচরে মধ্য রাতে অবৈধভাবে সার পাচারের সময় একটি ট্রলারসহ প্রায় ৪শ বস্তা সার আটক করেছে চরজব্বর থানা পুলিশ।
শনিবার গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জিল্লার খালে পুলিশ ও র্র্যাব এর যৌথ অভিযানে ট্রলার ও সার জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় পাচারের উদ্দেশ্যে প্রস্তুত একটি বড় ট্রলারে বিপুল পরিমাণ সার পাওয়া যায়। জব্দকৃত ট্রলার ও সারগুলো মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা জামাল উদ্দিনের( জহুরা ২) বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার গোপনে বিক্রি ও পাচার করে আসছে। এতে একদিকে যেমন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, “আমরা সরকার থেকে নির্ধারিত দামে সার পাচ্ছি না। অনেক সময় সার সংকট দেখা দেয়। অথচ দেখছি রাতের অন্ধকারে এসব সার পাচার হচ্ছে।”
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে বিষয় টি জানার জন্য একাধিক কল করা হলে ও তিনি কল ধরেন নাই।
এদিকে, স্থানীয় জনসাধারণ ও সচেতন মহল প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, এই ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। তারা আরও বলেন, এ ধরনের পাচার রোধে নদীপথ ও চরাঞ্চলে টহল জোরদার করা জরুরি।



Post Comment