৮ দফা দাবিতে নোয়াখালীতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 নোয়াখালী প্রতিনিধি

৮ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রায় ৯ মাস আগে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল কৃষি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিলনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ৯ মাস পার হলেও আজ পর্যন্ত দাবিগুলোর কোনো বাস্তবায়ন হয়নি।

শিক্ষার্থীরা আরও বলেন, সারাদেশের ২৫টি জেলার মতো নোয়াখালীতেও তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে- স্বতন্ত্র প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক নিয়োগ, পরীক্ষা পদ্ধতির সংস্কার, চাকরিতে গ্রেড নির্ধারণ, ইন্টার্ন ভাতা প্রদান, ফাউন্ডেশন ট্রেনিং এবং উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ নিশ্চিত করা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন জারি করে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে স্থানীয় প্রশাসন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুই ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।

সড়ক অবরোধের কারণে ওই এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে এবং অসংখ্য যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ