নোয়াখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর বেত্রাঘাত, শিক্ষক নুর আলমের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী (সুবর্ণচর):
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন খাসের হাট এলাকায় অবস্থিত তাহফিজুল উম্মা ইন্টারন্যাশনাল হিফ্জ মাদ্রাসায় শিক্ষার্থীদের উপর নিয়মিত শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মাদ্রাসার শিক্ষক নুর আলম এর বিরুদ্ধে বেত ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধরের গুরুতর অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, সামান্য ভুল-ত্রুটিতেই শিক্ষক নুর আলম শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয়ে ‘পান থেকে চুন খসলেই’ বেত বা লাঠি দিয়ে এলোপাতাড়ি প্রহার করেন। এতে প্রায়ই শিক্ষার্থীদের পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে বেতের দাগ, ফোলা ও ক্ষতের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী ভয়ের কারণে বিষয়টি প্রকাশ করতে সাহস পায় না।
সম্প্রতি এক শিক্ষার্থীকে নির্মমভাবে মারধরের পর সে গুরুতর আহত হয়ে বাড়িতে ফিরে আসে। পরিবারের সদস্যরা তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে ভুক্তভোগী জানায়, শিক্ষক নুর আলম তাকে বেত দিয়ে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেছেন।
এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ হেমায়েত এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযুক্ত শিক্ষকের পক্ষ নেন এবং কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।
একাধিক অভিভাবক বলেন, “আমরা সন্তানদের দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠাই, নির্যাতনের জন্য নয়। শিক্ষক কর্তৃক এ ধরনের অমানবিক আচরণ বন্ধ হওয়া জরুরি।”
স্থানীয় সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



Post Comment