চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল সিএনজি যাত্রীর, ক্ষোভ
সুবর্ণ চর, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরের চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে বেপরোয়া গতির বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় এক সিএনজি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ ও নিয়ন্ত্রণহীন ড্রাম ট্রাক চলাচলের কারণে সড়কটি কার্যত মৃত্যুফাঁদে পরিণত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, তোতার বাজারের দক্ষিণে হাজী নজির আহমেদ মসজিদের দক্ষিণ পাশ, জজ শাহীন সিরাজদের বাড়ির সামনের সড়কে রাতে বেপরোয়া গতিতে চলা একটি বালুবাহী ড্রাম ট্রাক একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল নির্মাণসামগ্রী দীর্ঘদিন ধরে সড়কের পাশে ফেলে রাখায় যান চলাচলে সংকট সৃষ্টি হয়েছে। এতে সড়ক সরু হয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।
এছাড়া দুর্ঘটনাপ্রবণ ওই স্থানের দুই পাশে ঐতিহ্যবাহী বড় গণকবর থাকায় রাতে এলাকা অন্ধকার ও নির্জন হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, বহুবার সেখানে অন্তত দুটি সড়ক বাতি স্থাপনের জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অন্ধকারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের তথ্যমতে, গত দুই মাসে ওই স্থানে অন্তত পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। গত এক বছরে প্রায় ২০টি দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, “ড্রাম ট্রাকগুলো সড়কও খাচ্ছে, মানুষও খাচ্ছে। প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এখনই এসব অবৈধ ও বেপরোয়া ড্রাম ট্রাক বন্ধ না হলে আরও প্রাণহানি ঘটবে।”
তারা এ দুর্ঘটনার দায় সড়ক বিভাগের ঠিকাদার ও প্রশাসনের ওপর বর্তায় বলে অভিযোগ করেন এবং অবিলম্বে ড্রাম ট্রাক চলাচল নিয়ন্ত্রণ, সড়কে আলোর ব্যবস্থা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।



Post Comment