স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: এমপি জয়নুল আবেদিন ফারুক
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী-০২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশের স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মঙ্গলবার (৫ মে) সকালে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আয়োজিত ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতে সুশাসন নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে দৃঢ়তার সঙ্গে জ্বালানি তেলের সংকট মোকাবিলা করেছে এবং অন্যান্য খাতেও ইতিবাচক অগ্রগতি ধরে রাখতে কাজ করে যাচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিয়া আফরোজসহ স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় এমপি জয়নুল আবেদিন ফারুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বদলিসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, জনগণের প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।



Post Comment