জামায়াতে ইসলামী ‘আফিমের মতো’, মাদকের চেয়েও বিপজ্জনক—বেগমগঞ্জে বুলু

নোয়াখালী প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ‘আফিমের মতো’, যা মাদকের চেয়েও বিপজ্জনক। তিনি দাবি করেন, এই সংগঠনে একবার কেউ যুক্ত হলে সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বেগমগঞ্জ উপজেলার পৌরণবিবি বাজারে পৌরণবিবি–মুনসির হাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, জামায়াতে ইসলামীতে নেতারা যা বলেন, তা শুদ্ধ-অশুদ্ধ বা সঠিক-ভুল বিচার না করেই অনুসারীরা মেনে নেন। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর পারিবারিক প্রসঙ্গ টেনে এনে বলেন, তার বংশের অনেকেই এই রাজনীতির সঙ্গে যুক্ত নন।

এসময় তিনি ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। তিনি হাদিকে একজন তরুণ জাতীয়তাবাদী নেতা হিসেবে উল্লেখ করেন।

বুলু আরও অভিযোগ করেন, দেশে ‘সম্রাজ্যবাদী চক্রান্ত’ চলছে এবং যারা শূকরের মাংস আমদানির অনুমতি দিয়েছে, তাদের সঙ্গে এই হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি বলেন, জিয়াউর রহমানর সময় বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুর এলাকায় খাল খনন করা হয়েছিল। পরবর্তীতে সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে কৃষি, মৎস্য ও যোগাযোগ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।

বর্তমানে তারেক রহমানর নেতৃত্বে আবার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান। এতে আরও বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম. রেফাত জামিল এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ