সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়
নোয়াখালী প্রতিনিধি:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে বিএনপিপন্থী প্যানেল। বাকি একটি সদস্য পদে জয় পেয়েছে জামায়াতপন্থী প্যানেল।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত দুইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপকমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।
নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
এ ছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ এবং মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। সাতটি সদস্য পদের একটিতে জয় পেয়েছেন জামায়াতপন্থী প্যানেলের মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
দুই দিনব্যাপী এ নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়ে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।



Post Comment