চাটখিলে ববিতার বাসায় পুলিশের অভিযান, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে মাদক ব্যবসার অভিযোগে আলোচিত ববিতা আক্তারের বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ববিতার বাসা থেকে মাদকদ্রব্য, ইয়াবা সেবনের সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরাসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে অভিযুক্ত ববিতাকে বাসায় পাওয়া যায়নি।
অভিযানের সময় বাসায় অবস্থানরত দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
চাটখিল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি বা চক্র মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের এ অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, সম্প্রতি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ববিতা আক্তারের বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার বিষয়টি আলোচনায় আসে। এ ঘটনায় পুলিশের সাম্প্রতিক অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।



Post Comment