নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত থেমে থেমে অশ্বদিয়া ইউনিয়নের দিদিমণি বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের নেতাকর্মীরা পরস্পরের ওপর হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে নোয়াখালী-কোম্পানীগঞ্জ-কবিরহাট আঞ্চলিক মহাসড়কে প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ঘোষিত অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে পদপ্রত্যাশী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের মামলা বা আটকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ