সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের বাংলা বাজারে চরজব্বর থানা, কমিউনিটি পুলিশিং ও স্থানীয় সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চরক্লার্ক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হানিফ মিন্টুর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদ, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, আব্দুল গনি সেলিম, চরক্লার্ক ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, ছনখোলা পুলিশ ক্যাম্পের এসআই মো. আলী, চরক্লার্ক ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচির শুরুতে বাংলা বাজার এলাকায় একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ও সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরজব্বর থানার ওসি রফিকুল হাসান বলেন, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদক নির্মূল করতে হলে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কোনো মাদক কারবারিকে সুবর্ণচরের মাটিতে অবস্থান করতে দেওয়া হবে না।

বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কিশোরদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ সদস্য, আলেম-ওলামা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত সচেতন নাগরিক অংশ নেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ