নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ যানবাহনের দখলে সড়ক

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সব সড়ক এখন ব্যাটারি চালিত অটোরিকশা ও মিশুকের দখলে। অনুমোদন ও লাইসেন্স ছাড়াই উপজেলার প্রধান সড়ক ছাপিয়ে গ্রামের মেঠোপথে চলছে এসব যানবাহন। দিনের পর দিন এসব যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এতে নিত্য যানজটের কবলে পড়তে হচ্ছে শহর ছাড়িয়ে গ্রামের সাধারণ মানুষকে।

সরেজমিন ঘুরে দেখা যায়, শুধুমাত্র উপজেলার হারিছ চৌধুরীর বাজার ও চরবাটা খাসের হাটে রয়েছে এক হাজার অবৈধ যানবাহন । উপজেলাসহ আট ইউনিয়নে দুই সহ¯্র্রাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও মিশুক চলছে। এসব পরিবহনের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের নিরবতার কারণে এসব যানবাহনের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করেও কোনো সুফল পাচ্ছেন না।

এদিকে, ব্যাটারি চালিত এসব যানবাহনের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য গ্যারেজ তৈরি করে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে সুবর্ণচর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম ফসিউল আলম বলেন, বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে এসব অবৈধ সংযোগের অভিযোগ পেয়েছি। এসব গ্যারেজে বৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করছে। আমি বিষয়টি জেনেছি।আমরা একটি সার্চ কমিটির মাধ্যমে এর তদারকি করছি। আশা করছি খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

চরজুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী বলেন, ব্যটারি চালিত এসব অটো ও মিশুকের কারণে স্কুল—কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এখন রাস্তায় চলাচল করতে ভয় পায়। প্রতিদিনই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। আমি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ সুশিল সমাজকে এ বিষয়ে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

চরজব্বার ইউনিয়নের আবদুল্লা মিয়ার হাট এলাকার বাসিন্দা বেলাল উদ্দিন বলেন, ব্যাটারি চালিত অবৈধ মিশুক, অটোরিকশা দিনের পর দিন বেড়েই চলেছে। এসব অবৈধ যানবাহন যদি এখনই গতিরোধ করা না যায়, তাহলে সমস্যা বাড়বেই। এছাড়া, সুবর্ণচরে ট্রাফিক পুলিশের কোনো সদস্য না থাকায় চালকেরা কোন বাধা তোয়াক্কা করেন না। এদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থাও নেই।

স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি আবদুল বারী বাবলু বলেন, স্থানীয়ভাবে এসব যানবাহন তৈরি বন্ধ করা যায় তাহলে অবৈধ ব্যাটারি চালিত মিশুক ও অটোগাড়িসহ সব ধরনের অবৈধ যানবাহন বন্ধ হবে।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, সকল ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আরিফুর রহমান বলেন, অটোরিকশা, ইঞ্জিন চালিত থ্রি্র—হুইলার বা এ ধরনের যানবাহন সড়কে চলার অনুমতি নেই। এগুলো এভাবে তৈরি করারও কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণ অবৈধ। এর বিরুদ্ধে অবশ্যই মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, আইনগত ব্যবস্থা নেবো। এসব বাহনদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নিলে এর সঠিক সমাধান করা সম্ভব বলে আমি মনে করি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ