নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগসহ তাদের সহযোগী ছোট-বড় দলগুলো নিয়ে সিরিয়াস বিতর্ক আছে। আগে ফয়সালা হোক। আমরা অপেক্ষা করছি। আশা করছি জাতীয় নির্বাচনের আগেই এই বিতর্কের একটা ফয়সালা হবে।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি।

নাসির উদ্দীন বলেন, আওয়ামী লীগের সঙ্গে আরও কয়েকটি দল আছে, জোট আছে। তাদের রাজনীতি করা-না করা নিয়ে এক ধরনের বিতর্ক চলছে। এ নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচনের আগেই এসবের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে। এটা এখনো ম্যাচিউরড পর্যায়ে আসেনি। সুতরাং এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

এর আগে আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। তাদের শপথবাক্য পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ