আবারও শক্তির বার্তা দিয়েছে ভারতের নৌবাহিনী
আবারও শক্তির বার্তা দিয়েছে ভারতের নৌবাহিনী। তারা এক্সে একটি পোস্টে একটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন ও একটি হেলিকপ্টারের ছবি পোস্ট করেছে। এগুলোকে ‘নৌবাহিনীর শক্তির ত্রিশূল’ বলে আখ্যায়িত করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর আগে বলা হয়েছিল, আরব সাগরে মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী। তারা টার্গেট করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর মহড়া দিয়েছে। এর মধ্য দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো হচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। শনিবার এক্সে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা, ধ্রুব এডভান্সড লাইট হেলিকপ্টার এবং একটি স্কোরপিনে সিরিজের সাবমেরিন। নৌবাহিনী তার ক্যাপশনে লিখেছে- নৌবাহিনীর শক্তির ত্রিশূল- উপরে, নিচে এবং ঢেউ বরাবর। এনডিটিভি লিখেছে, এই ছবি এখন ভাইরাল হয়েছে। তবে যেহেতু ধ্রুব হেলিকপ্টার বর্তমানে গ্রাউন্ডেড আছে ফলে এ ছবিটি আগের বলে মনে হচ্ছে।



Post Comment