অক্ষরজ্ঞানহীন ভ্যানচালক আবদুল করিম: সুবর্ণচরের নাট্যমঞ্চের নীরব নায়ক

বিনোদন প্রতিবেদক :

অক্ষরজ্ঞানহীন হলেও সংস্কৃতি চর্চার প্রতি গভীর ভালোবাসা তাকে নিয়ে গেছে অভিনয়ের মঞ্চে। পেশায় একজন ভ্যানচালক হয়েও আবদুল করিম আজ সুবর্ণচরের সাংস্কৃতিক জগতে পরিচিত একটি নাম। ২০১২ সাল থেকে তিনি যুক্ত হয়েছেন সুবর্ণচরের একমাত্র সচল নাট্য সংগঠন ‘সুবর্ণ নাট্যদল’-এর সঙ্গে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে শতাধিক নাটকে অভিনয় করলেও তিনি পাননি কাঙ্ক্ষিত স্বীকৃতি বা আলো।

অভাব-অনটনের মধ্যেও নিজের কষ্টে উপার্জিত ভ্যানচালকের আয় থেকে নিয়মিত সহায়তা করে যাচ্ছেন নাট্যদলটি সচল রাখতে। তার এই সাংস্কৃতিক অবদানে অনেকেই সম্মান জানানোর বদলে কটাক্ষ করেছেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, একজন ভ্যানচালক কেন নাটক করবে? কেন তার নাটক ফেসবুক বা ইউটিউবে, ডিস ক্যাবল (টিভি)তে প্রচার হবে? এসব মানসিক নির্যাতনে একপর্যায়ে তিনি নাট্যজগৎ থেকে সরে দাঁড়ানোরও সিদ্ধান্ত নেন।

তবু থেমে যাননি করিম। মানুষের অবহেলা আর কটূক্তি উপেক্ষা করে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আজও তিনি সংগ্রাম করে যাচ্ছেন। তার হাত ধরেই সুবর্ণচরের নাট্যচর্চায় প্রাণ ফিরে পেয়েছে ‘সুবর্ণ নাট্যদল’। নিয়মিত নাটক ও শর্টফিল্ম প্রযোজনার মাধ্যমে এক ধরণের সাংস্কৃতিক আন্দোলনই গড়ে তুলেছেন ‘সুবর্ণ নাট্যদল’ এর সভাপতি, পরিচালক জিসান রহমান ও অভিনেতা অবদুল করিম।

তবে এখনো পর্যন্ত স্থানীয় পর্যায় ছাড়িয়ে জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি থেকে বঞ্চিত এই ব্যতিক্রমী শিল্পযোদ্ধা আবদুল করিম।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ