ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ নেবেন পুতিন; ট্রাম্পের হুঁশিয়ারি

ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনালাপের পর তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, “পুতিন খুব জোর দিয়েই বলেছেন, রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেন যে হামলা চালিয়েছে, তার জবাব দিতে হবে”। বৃহস্পতিবার (৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, পুতিনের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় ধরে টেলিফোন আলাপের পর ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে। তবে রুশ কর্মকর্তারা এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেননি, যদিও মস্কোর পক্ষ থেকে আগে বলা হয়েছিল, (ইউক্রেনের হামলার) প্রতিক্রিয়ার ক্ষেত্রে “সামরিক পদক্ষেপও বিবেচনায় রয়েছে”।

ট্রাম্প আরও বলেন, এই আলোচনার ফলে তাৎক্ষণিকভাবে রাশিয়া-ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা হবে না।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ফোনালাপে পুতিন অভিযোগ করেন, ইউক্রেন শান্তি আলোচনা বাধাগ্রস্ত করছে এবং কিয়েভের সরকার এখন ‘সন্ত্রাসী সংগঠনে’ পরিণত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, দুই নেতা দেশদুটির মধ্যে সহযোগিতা পুনরুদ্ধারের সম্ভাবনাও আলোচনা করেছেন। এমনকি দুই দেশে সম্পর্কে ‘বিশাল সম্ভাবনাময়’ বলেও বর্ণনা করেন তারা।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ