আর্থ-সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক :
দেশ ও জাতির অগ্রযাত্রাকে বেগবান করতে শত প্রতিকূলতার মধ্যেও সুশাসন সুসংহতকরণ, গণতন্ত্র চর্চা ও উন্নয়ন কর্মসূচিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের নিরবচ্ছিন্ন প্রয়াস অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেছেন রাষ্টপতি মো. আবদুল হামিদ।
সোমবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের (শীতকালীন) ভাষণে একথা বলেন রাষ্ট্রপতি।
একইসঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দল-মতের পার্থক্য ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় অধিবেশন শুরু হয়।চলতি সংসদের ১১তম অধিবেশন এটি।
স্বাস্থ্যবিধি মেনে সংসদ উপস্থিত হয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ছিলেন না।
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভায় অনুমোদিত লিখিত ভাষণের সংক্ষিপ্ত অংশ সংসদে পাঠ করেন। বিধান অনুযায়ী প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন তুলে ধরে ভাষণ দেন।
রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, জাতীয় সংসদ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। গণতন্ত্রায়ন, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে সব রাজনৈতিক দল, শ্রেণি ও পেশা নির্বিশেষে ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। স্বচ্ছতা, জবাবদিহি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমি সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে মহান জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাই।
ভাষণে রাষ্ট্রপতি অর্থনীতি, বাণিজ্য-বিনিয়োগ, খাদ্য-কৃষি, পরিবেশ-জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। এছাড়া দেশে আইনের শাসন সুসংহত ও সমুন্নত রাখা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি।



Post Comment