আল জাজিরার প্রতিবেদন হলুদ সাংবাদিকতা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শীর্ষক প্রতিবেদনটি হলুদ সাংবাদিকতার বহিঃপ্রকাশ বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘এটা তথ্যভিত্তিক নয়, বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। এক কথায় বলতে গেলে এটা দেশবিরোধী ষড়যন্ত্র।’

বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নৌপুলিশের ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেভাবে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দেশবিরোধী ষড়যন্ত্র। প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতা। বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে।’

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মিয়ানমারে কী ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।’

যারা মদ্যপান করেন, তাদেরকে ভেজাল মদপান না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে উৎপাদিত কেরু কোম্পানির উৎপাদন বন্ধ হয়নি। তাই মদপানে সবাইকে সতর্ক হতে হবে। করোনার কারণে মদ আমদানি বন্ধ, হয়ত এ কারণে ভেজাল মদের উৎপাদন বাড়ছে। আর অসাধু ব্যবসায়ীরা এসব ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। তাদেরকে ধরতে ডিবি পুলিশ কাজ করছে। ইতিমধ্যে অনেকে ধরাও পড়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোডিড-১৯ এ যখন সাড়া বিশ্ব স্থবির হয়ে পড়েছে তখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সমস্ত কিছুই চলছে। আমাদের ইচ্ছা ছিল সারাদেশ মিলে মুজিববর্ষ পালন করবো, কিন্তু কোভিডের জন্য আমরা সেটা করতে পারিনি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই আয়োজনটা আরও এক বছর বর্ধিত করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে যে বঙ্গবন্ধু কর্নারটি উদ্বোধন করলাম এই বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে বঙ্গবন্ধুর আত্মদান সম্পর্কে।’

আসাদুজ্জামান আরও বলেন, ‘নৌ পুলিশ বাহিনী একটি অসাধারণ কাজ করেছেন। পুলিশ বাহিনী সব জায়গায় এটি করছেন। পুলিশ বাহিনী বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করছে বলেই বঙ্গবন্ধু কর্ণারটি স্থাপিত হলো।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ