আজ সোমবার সকাল ৯টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজার এলাকার সুইজ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত করিম জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মন্নান নগর গ্রামের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের বেলাল হোসেনের ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে জোবায়ের বাজার এলাকার সুইজ খালের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন খালের পাড়ে একটি মরদেহ ভাসতে দেখে। পরে তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পানিতে ভাসমান অবস্থায় গলায় গামছা প্যাঁচানো মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন মরদেহটি করিমের বলে শনাক্ত করে। করিম পেশায় একজন মোটরসাইকেল চালক বলেও জানান।
স্থানীয়দের ধারণা, গতকাল রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা করিমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর তার মোটরসাইকেলটি নিয়ে গেছে। পরে লাশটি খালের মধ্যে ফেলে দিয়ে যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় একটি গামছা প্যাঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে ঘটনাটি হত্যাকাণ্ড। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Post Comment