ওমরা পালন শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর
নোয়াখালী প্রতিনিধি :
সৌদি আরব থেকে ওমরা পালন শেষে দেশে ফিরে মাইক্রোবাসে করে স্ত্রী, মা ও ভাতিজাকে নিয়ে নোয়াখালীর গ্রামের বাড়ি আসছিলেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৫৩)। তবে বাড়ি ফেরা হলো না তার। সড়কে মাইক্রোবাস দুর্ঘটনায় প্রাণ গেল তাঁর । এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাসিমা আক্তার, মা নুর নাহার বেগম ও ভাতিজা লিমন।
রোববার (২৬ অক্টোবর) ভোররাতে পৌরসভা গেইট মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকার নোয়াখালী-ঢাকা মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে।
পুলিশের ভাষ্যমতে, এ মাসের ৬ তারিখে পবিত্র ওমরা হজ পালন জন্য মা নুর নাহার বেগম ও স্ত্রী নাসিমা আক্তার কে সৌদি আরব যান। ওমরা পালন শেষে গতকাল বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে স্ত্রী, মা ও ভাতিজাকে নিয়ে গ্রামের বাড়ি নোয়াখালীতে ফিরছিলেন আজাদ। পৌরসভা গেইট মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহতের ভাই মো.ইসমাইল বলেন, মাইজদী থেকে আমাদের বাড়ি পৌঁছাতে মাত্র ২০ মিনিট বাকি ছিল। দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
তিনি আরও বলেন, আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তাঁর ভাই আজাদ ঘটনাস্থলে মারা গেছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের সহযোগিতায় প্রথমেই আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Comment