গায়ক নোবেল গ্রেফতার

নারী নির্যাতনের মামলায় গায়ক নোবেল গ্রেফতার
ঢাকা, ২০ মে ২০২৫ (প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি)

নারী নির্যাতনের মামলায় আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজধানীর ডেমরার সারুলিয়ার আমতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার সকালে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, নোবেলের বিরুদ্ধে এক নারী ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতেই সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে নোবেলকে আদালতে হাজির করা হবে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নোবেল নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন। মাদক সেবন, অসংলগ্ন আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যসহ নানা অভিযোগে সমালোচিত হন তিনি। তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বয়কটের ডাকও উঠেছে।

দেশে ‘সারেগামাপা’ খ্যাত এই গায়ক শুরুতে প্রতিভার জন্য প্রশংসিত হলেও, পরবর্তীকালে বারবার বিতর্কে জড়িয়ে পড়ায় ভক্তদের একটি বড় অংশ হতাশা প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ