চট্টগ্রামে নিহত সুবর্ণচরের তিন শ্রমিকের পরিবার পেল ৯ লাখ টাকা সহায়তা

আবদুল জববার, নোয়াখালী
চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে মাচা ভেঙে পড়ে নিহত হওয়া সুবর্ণচরের তিন শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মোট ৯ লাখ টাকা প্রদান করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছিল গত ১৮ জুলাই, কর্মরত অবস্থায়।

১১ আগস্ট (সোমবার) চট্টগ্রাম জেলা পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার ও সুবর্ণচরের কৃতী সন্তান আবু জাফর মো. ওমর ফারুক নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেন। ইসলামিক শরিয়ার বিধান অনুযায়ী নিহত হাসান, মো. রাশেদ ও মো. ফখরুল—এই তিন শ্রমিকের প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা করে প্রদান করা হয়। অর্থ প্রদান অনুষ্ঠানের একটি আয়োজন হয় সুবর্ণচরের চর ক্লার্ক কেরানী বাজার এবং চরবাটা সমীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর ক্লার্ক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী ও হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, স্থানীয় বিএনপি নেতা মো. শাহাবুদ্দিন, মো. জাহাঙ্গীর ও মো. মহিউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সহকারী পুলিশ সুপার ওমর ফারুক সর্বদা সুবর্ণচরের মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার এই মানবিক উদ্যোগের জন্য সুবর্ণচরের মানুষ কৃতজ্ঞ। তারা আশা প্রকাশ করেন, তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ