চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি :

নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ভাইভায় নম্বর বাড়ানো হলে নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ, তদবির ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল—‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘তদবিরের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’ এবং ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’।

সমাবেশে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে নোবিপ্রবি শিবিরের সেক্রেটারি আব্দুর রহমান বলেন, “আমরা যে জুলাই আন্দোলন সংঘটিত করেছিলাম, সেখানে আমাদের মূল দাবি ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা লক্ষ্য করছি, সরকার গতকাল থেকেই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির চেষ্টা করছে। সেখানে ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জালিয়াতির বিষয়টি সামনে এনে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”

নোবিপ্রবি ছাত্রশক্তির আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, “যোগ্যতা যাচাই না করে পছন্দের ব্যক্তিদের সুযোগ দেওয়া কিংবা দলীয়করণের উদ্দেশ্যে কোটাব্যবস্থার পরিবর্তে এখন ভাইভার মাধ্যমে সেই সুযোগ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, জালিয়াতি ঠেকাতে না পেরে ভাইভার নম্বর বাড়ানো সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।”

বিক্ষোভকারী শিক্ষার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বরের গুরুত্ব বাড়ানো এবং ভাইভা পরীক্ষায় নম্বরের পরিমাণ সীমিত রাখার দাবি জানান। একই সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তারা।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ