পাইপ অপসারণ ও রাস্তা ভরাট না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ: চাটখিলের পরকোটে সরকারি রাস্তা কেটে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ বন্ধ

জিসান রহমান – নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে দারুন নাজাত মাদ্রাসার নিচে হাজী শাহজাহানের মার্কেটের সামনে সরকারি রাস্তা কেটে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, হাজী শাহজাহানের নির্দেশে সরকারি রাস্তার ওপর ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ চলছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

গত সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তবে কাজ বন্ধের নির্দেশ দেওয়ার দুই দিন পরও ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য রাস্তায় বসানো পাইপগুলো অপসারণ করা হয়নি। একই সঙ্গে ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য রাস্তার যে অংশ খোঁড়া হয়েছে, সেটিও পুরোপুরি ভরাট করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, রাস্তার খোঁড়া অংশ ও স্থাপিত পাইপগুলো অপসারণ না করায় ভবিষ্যতে আবারও সেখানে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হতে পারে। এতে সরকারি রাস্তার স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা সরকারি রাস্তার স্বাভাবিক চলাচল ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত স্থাপিত পাইপগুলো অপসারণ, খোঁড়া অংশ সম্পূর্ণভাবে ভরাট এবং রাস্তা পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ