চৌমুহনীতে রেলওয়ের জায়গা দখলমুক্ত, উচ্ছেদ ১০৭টি অবৈধ স্থাপনা
নোয়াখালী প্রতিনিধি :
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ- জেলার বিভিন্ন স্থানে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পত্তি এখনও বেদখলে থাকলেও তা উদ্ধারে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
উচ্ছেদ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, অভিযানকালে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছি।
রেলওয়ের পক্ষ থেকে অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় ভূমি-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী। অভিযানে চৌমুহনী রেলওয়ে স্টেশনের পশ্চিম অংশ ও ইসলাম মার্কেটের সামনের সড়কের পাশে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান, হোটেলসহ স্থায়ী ও অস্থায়ী মোট ১০৭টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি রেলওয়ের ২৬ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সোনাপুর স্টেশন, মাইজদী রেলওয়ে স্টেশন, মাইজদী কোর্ট স্টেশন ও হরিনারায়ণপুর এলাকাসহ বিভিন্ন স্থানে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে আছে। কিন্তু সেসব জায়গা উদ্ধারে তেমন তৎপরতা নেই।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূমি-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১০৭টি স্থাপনা উচ্ছেদ ও ২৬ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহকারী ভূমি-সম্পত্তি কর্মকর্তা আকবর হোসেন মজুমদার, রেলওয়ের কানুনগো, স্টেশন মাস্টারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



Post Comment