নোয়াখালীর সুবর্ণচরে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ
স্টাফ রিপোর্টার: জিসান রহমান
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের চেউওয়াখালী থেকে কাঞ্চন বাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সড়কে ব্যবহার করা ইট দেখতে চুলার মাটির মতো নরম, যা সহজেই হাতের চাপে ভেঙে যাচ্ছে। এতে রাস্তার টেকসই হওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা তানভির শরিফ বলেন,
“ইটের মান খুবই খারাপ। হাতে নিলেই চূর্ণ হয়ে যায়। এমন ইট দিয়ে রাস্তা করলে কয়েক মাসের মধ্যেই ভেঙে যাবে।”
অন্য বাসিন্দা আকবর হোসেন অভিযোগ করে বলেন,
“আমরা বহুদিন ধরে একটি ভালো রাস্তার অপেক্ষায় ছিলাম। কিন্তু কাজের মান দেখে মনে হচ্ছে টাকার অপচয়ই হবে। এখনই তদন্ত দরকার।”
স্থানীয় ফারুক মিয়া জানান,
“রাস্তার কাজে যে ইট ব্যবহার করা হচ্ছে তা মোটেও মানসম্পন্ন নয়। আমরা চাই কর্তৃপক্ষ এসে সরেজমিনে দেখে ব্যবস্থা নিক।”
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা প্রকৌশল অধিদপ্তরের মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত, মান যাচাই এবং সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।
চেউওয়াখালী–কাঞ্চন বাজার সড়কটি স্থানীয় মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। ফলে সড়কের স্থায়িত্ব ও মান বজায় রাখা তাদের জন্য অত্যন্ত জরুরি।



Post Comment