নোয়াখালীর সুবর্ণচরে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলের বিরুদ্ধে পিতাকে হত্যাচেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পিতাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরজব্বর থানাধীন চরজুবিলী ইউনিয়নের উত্তর বাগ্যা গ্রামের বাসিন্দা কাউয়ুম আলী (৬৫) অভিযোগ করেন যে, তার ছেলে মোঃ আক্তারুজ্জামান (৪৫) দীর্ঘদিন ধরে তার নিকট থেকে সম্পত্তি জোরপূর্বক নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। এ নিয়ে পারিবারিক বিরোধ চলছিল।
ভুক্তভোগীর দাবি, গত ১৭ মার্চ ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত ছেলে মোঃ আক্তারুজ্জামান (৪৫) তার নিকট টাকা দাবি করে এবং পরে সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এতে অস্বীকৃতি জানালে অভিযুক্তসহ স্ত্রী ও সন্তানসহ কাউয়ুম আলী (৬৫) ও তার স্ত্রীকে মারধর করে।



অভিযোগে আরও উল্লেখ করা হয়, এক পর্যায়ে অভিযুক্ত আক্তারুজ্জামান গাছ কাটার করাত দিয়ে পিতার মাথায় কোপ দেয় ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করায় কাউয়ুম আলীর হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। আহত কাউয়ুম আলীকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় কাউয়ুম আলীর স্ত্রী হালিমা আক্তারসহ আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রতিবেশীরা জানান, পরিবারটির মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন চিৎকার শুনে তারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



Post Comment