সুবর্ণচরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ছাত্রীদের বিয়ে হয়েছে আর ছাত্ররা প্রবাসে চলে গেছে বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার প্রথম দিনে ২হাজার ৮শ ৬৩ জনের মধ্যে ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে রয়েছে এসএসসির ৩৫ জন, দাখিলে ২৩ জন ও ভোকেশনালে ১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
সুবর্ণচর উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলায় এসএসসিতে ২ হাজার ১৪৭ জন, দাখিলে ৫৮৪ জন ও ভোকেশনালে ১৩২ জন পরীক্ষার্থী রয়েছেন। প্রথম দিনে ২হাজার ৮শ ৬৩ জনের মধ্যে অংশ নিয়েছে ২ হাজার ৮শ ৪ জন। এর মধ্যে শহীদ জয়নাল আবেদীন সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ও চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় এবং লর্ড লিওনার্দ চেশায়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ১ শত ১২জন শিক্ষার্থী অংশ নেন ও পূর্বচরবাটা স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোকেশনালে শাখায় ১৩১ জন রয়েছে। এ ছাড়া মাদরাসা কেন্দ্রে চরজুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় ৫৬১ জন শিক্ষার্থী রয়েছে। সবগুলো কেন্দ্রে ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান বলেন, মাদ্রাসার অনুপস্থিত ছাত্রী শিক্ষার্থীর বেশির ভাগই বিবাহিত ও পারিবারিক কারণে । এছাড়াও নানান অযুহাতে অভিভাবকেরা তাঁদের মেয়েদের বিয়ে দিয়েছেন। অভিভাবক ও ছাত্রীদের অনাগ্রহের কারণে তাঁরা পরীক্ষায় অংশ নিচ্ছেন না।
পূর্বচরবাটা স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রের শিক্ষক মো. আরিফুর রহমান বলেন, অনুপস্থিত শিক্ষার্থীর বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে প্রথম ধাপে পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বন্যায় পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সে প্রবাসে চলে গেছেন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, প্রতিটি কেন্দ্রই পরিদর্শন করা হয়েছে। এ সময় কোনো ধরনের অসংগতি দেখা যায়নি।
সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম বলেন, এ বছর সময় কমিয়ে সংক্ষিপ্ত ও পুনর্বিন্যস্ত সিলেবাসের অধীনে গ্রুপভিত্তিক বিষয়সহ মোট আটটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।



Post Comment