নোয়াখালীর সুবর্ণচরে কৃষকের মৃতদেহ উদ্ধার
নোয়াখালী (সুবর্ণচর )প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে মো. আবদুর রব (৬৭) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মৃতদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও তার মৃত্যু নিয়ে রহস্য থাকায় মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আবদুর রব চরজব্বার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বুধবার রাতে আবদুর রবের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এরপর রাতে খাবার শেষে যে যার-মত ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন ঘরের পাশ্ববর্তী একটি গাছের সাথে রশি দিয়ে গলা পেঁছানো অবস্থায় আবদুর রবের মৃতদেহ দেখতে পায়। কিন্তু তার পা মাটির সাথে লাগানো ছিলো।
পুলিশ বলছে,প্রাথমিকভাবে মৃতদেহের শরীরে কোন ধরনের আঘাতে চিহ্ন দেখা যায়নি। নিহত ব্যক্তির প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এ কারণে পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Comment