ফের আলোচনায় তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া জুটি

শোবিজ অঙ্গনে আবারও আলোচনায় তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া জুটি। দীর্ঘ ৯ বছর পর ব্যাচেলর পয়েন্ট-এর নতুন সিজনে তারা জুটি হয়ে কাজ করেছেন। জনপ্রিয় এই ধারাবাহিকে তাদের রসায়ন নজর কেড়েছে দর্শক মহলে।

এই জুটি সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন ২০১৬ সালে। এরপর স্পর্শিয়া ধীরে ধীরে নাটক থেকে সরে গিয়ে সিনেমা ও ওয়েব কনটেন্টে ব্যস্ত হয়ে পড়েন। যদিও ২০২৪ সালে তিনি নাটকে ফিরে আসেন, তবে বেছে বেছে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখেন।

অন্যদিকে, ২০২৫ সালের শেষের দিকে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে এসে চমক দেন এই দুই তারকা। ৯ বছর পর আবারও তৌসিফ-স্পর্শিয়াকে একসঙ্গে পর্দায় দেখে ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও কৌতূহল—তারা কি আবারও নিয়মিত জুটি হতে যাচ্ছেন?

বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট চ্যাপ্টার ১০’-এ তাদের খুনসুটি দর্শকদের নজর কেড়েছে। শুধু পর্দায় নয়, সোশ্যাল মিডিয়ায়ও তাদের রসায়ন নিয়ে এখন আলোচনা— সব মিলিয়ে জল্পনা আরও বাড়ছে।

সম্প্রতি নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে তাদের একটি মিষ্টি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বসন্ত এসে গেছে’—যা ভক্তদের মাঝে নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

জানা গেছে, তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া বর্তমানে অমির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এক্সক্লুসিভ কন্ট্রাক্টে রয়েছেন। এখন প্রশ্ন একটাই—এই জুটিকে কি শুধুই ব্যাচেলর পয়েন্টেই সীমাবদ্ধ রাখা হবে, নাকি আবারও আগের মতো নিয়মিতভাবে তাদের একসঙ্গে পর্দায় দেখতে পাবেন ভক্তরা?

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ