বগুড়ায় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়া র্যাব-১২ ক্যাম্পের সদস্যদের অভিযানে দুটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফারুক আহমেদ (৩৪) নামের একজনকে আটক করেছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শেরপুর উপজেলার বিশালপুর এলাকায় অভিযানে ১ কেজি ওজনের একটি এবং আরো একটি ১২ কেজি ওজনের কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। কষ্টি পাথরের তৈরি বিষ্ণুমূর্তি বাংলাদেশ থেকে বিদেশে পাচারের চেষ্টা করছেন এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার লাউতা গ্রামের আব্দুল আজিজের ছেলে ফারুক আহমেদকে আটক করা হয়। কষ্টি পাথরের ফ্রেমে খোদাই করা ১২ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি আটক ফারুক আহমেদ এর বাড়ি থেকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



Post Comment