‘বন্ধুকে’ হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

 ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে ‘বন্ধু’ মুনতাসির ফাহিমকে (২২) খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন অনার্সপড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। তারা দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এলাকায় পরিচিত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ত্রিশাল থানা বাউন্ডারি দেয়ালঘেঁষা নজরুল অ্যাকাডেমি মাঠে এই রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় শত শত মানুষ থানার সামনে জড়ো হয়।

নিহত ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তবে মাসখানেক আগে ছুটিতে দেশে এসেছিলেন ও দুদিন পর চলে যাওয়ার কথা ছিল।

অপরদিকে, অভিযুক্ত অনিক টাঙ্গাইলে একটি কলেজে অনার্সপড়ুয়া শিক্ষার্থী। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানা পেছনের বাসিন্দা বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের আধা ঘণ্টার মধ্যে অনিক কুড়ালসহ থানায় আত্মসমর্পণ করেছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থানায় এসে ঘটনার বর্ণনা করেছেন অভিযুক্ত অনিক মণ্ডল। এ সময় অনিক জানিয়েছেন, নিহত ফাহিম তার অনেক ক্ষতি করেছে। এ কারণে পূর্বশত্রুতায় তিনি ফাহিমকে খুন করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ইতোমধ্যে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

নিহতের পরিবার জানায়, সন্ধ্যার পর নানাবাড়ি কোনাবাড়ী থেকে খাওয়াদাওয়া করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ফাহিম। এর ঘণ্টাখানেক পরেই তার হত্যার খবর আসে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ