বাড়ির সামনে সাংবাদিককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক


ময়মনসিংহে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা ১১টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম স্বপন ভদ্র (৫৫)। স্বপন ভদ্র তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ছিলেন। একসময় তিনি স্থানীয় পত্রিকা দৈনিক স্বজন এবং পরে দৈনিক নবকল্যাণে কাজ করতেন। বর্তমানে কোনো পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন না।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এলাকায় মাদক বিক্রি এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্বপনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বপন ভদ্র সাংবাদিকতার পাশাপাশি এলাকার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ নিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী সাগর মিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। আজ বেলা ১১টার দিকে স্বপন ভদ্র বাড়ির সামনে চেয়ারে বসে পত্রিকা পড়ছিলেন। এ সময় দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত স্বপন ভদ্রকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনার তিন ঘণ্টা পরই সাগর মিয়াকে (১৭) আটক করেছে পুলিশ।

ওসি আরও জানান, আটক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ