বেগমগঞ্জে আধিপত্য ও মোবাইল দ্বন্দ্বে দুই যুবক খুন

নোয়াখালী জেলা প্রতিনিধি, আনিছুর জামান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ডে দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের স্বজনরা জানিয়েছেন, আধিপত্য বিস্তার ও মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আরমান হোসেন বিজয়কে (১৮)। তিনি হাজীপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের বাসিন্দা শাহীন চৌধুরীর ছেলে। অন্যদিকে, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের যুবক আব্দুর রহমান ওরফে শুক্কুর (৩৫)। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হলে তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শুকুর ওই ইউনিয়নের মৃত আব্দুল মান্নানের ছেলে। এলাকাবাসীর দাবি, শুক্কুরকে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সালিশ বৈঠকের পর প্রতিপক্ষের কয়েকজন যুবক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। এদিকে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “তদন্ত চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এই দুই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ