বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধ ২, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আমানউল্লাপুর বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—আমানউল্লাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও আমানউল্লাপুর বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং মহেশপুর এলাকার ইব্রাহিমের ছেলে সৌরভ উদ্দিন। এছাড়া সৌরভের ভাই শিহাবকে মারধর করে আহত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আইয়ুবপুর এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান শেষে ফেরার পথে আনোয়ার, সৌরভ ও শিহাব আমানউল্লাপুর পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে একদল স্থানীয় দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে গুলি ছোড়া হয়। এতে আনোয়ার ও সৌরভ গুলিবিদ্ধ হন এবং শিহাব মারধরের শিকার হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ