মাঠে নামার দুই মিনিটেই মেসির গোলে মায়ামির জয়

দুই সপ্তাহ পর মাঠে নেমেই চমক দেখালেন লিওনেল মেসি। ম্যাচের ৫৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দিলেন তিনি।

রোববার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। লুইস সুয়ারেজের পাস থেকে ডানপ্রান্ত দিয়ে ঢুকে ফিলাডেলফিয়ার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান এই আর্জেন্টাইন জাদুকর।

রবার্ট টেলরের করা গোলে ২৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এরপর মেসির গোল ব্যবধান বাড়িয়ে ২-০ করে। ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় মায়ামি।

এই জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে শীর্ষস্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। মেসির গোলটাই ছিল দুই দলের মধ্যে পার্থক্য।

দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর এই গোল দিয়ে দারুণ প্রত্যাবর্তন করলেন মেসি। এর আগে আটলান্টার বিপক্ষে ম্যাচে বাঁ ঊরুতে ও পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। তবে জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মিস করলেও মায়ামির জয়ে ফিরলেন দুর্দান্তভাবে।

মেসির মাঠে ফেরা ইন্টার মায়ামির জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবারের মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি গোল করেছেন তিনি। ইন্টার মায়ামি এমএলএসে পাঁচ ম্যাচ খেলে একটিও হারেনি, সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচেও অপরাজিত তারা।

আগামী ৬ এপ্রিল টরন্টো এফসির বিপক্ষে এমএলএসের পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এর আগে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে বুধবার এলএএফসির মুখোমুখি হবে দলটি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ