রাজধানীতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর মাটিকাটা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ‘হিটলু বাবু গ্যাংয়ের’ ১০ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, অভিযানে কুখ্যাত ‌‘হিটলু বাবু গ্যাংয়ের’ ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টা থেকে অভিযানটি পরিচালনা করা হয়। পরে আজ মঙ্গলবার আনুমানিক ভোর ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, গ্রেফতার এড়ানো অসম্ভব মনে করে টহল দলের ওপর হামলার চেষ্টা করেন গ্যাং সদস্যরা। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে সেনারা। পরবর্তীতে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন বলেও জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য জনগণকে অনুরোধ জানানো যাচ্ছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ