শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি: মূলহোতা টিপু সুলতান নোয়াখালীতে গ্রেপ্তার
🗞 নিজস্ব প্রতিবেদক
নায়ক শাকিব খানের আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর সম্পূর্ণ এইচডি সংস্করণ অনলাইনে অবৈধভাবে ছড়িয়ে দিয়ে সারাদেশে ফ্রিতে দেখানোর ঘটনায় মূল অভিযুক্ত টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি রাতেই গণমাধ্যমকে নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
গ্রেপ্তার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেন। এতে প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) ক্ষতিগ্রস্ত হয়ে ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় টিপুকে ১ নম্বর আসামি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছে পাইরেটেড কনটেন্ট সংরক্ষণের আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু পাইরেসিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে ঢাকায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনানী থানা পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই ঘটনা কেবল নির্মাতা নয়, গোটা ইন্ডাস্ট্রির জন্যই হুমকির ইঙ্গিত দেয়। কপিরাইট লঙ্ঘনের এমন উদাহরণ বারবার ঘটতে থাকলে সিনেমা ইন্ডাস্ট্রি আর্থিকভাবে ধ্বংস হয়ে যেতে পারে।
সুবর্ণ সময়/জিসান রহমান



Post Comment