সুবর্ণচরে অটোচালকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় জসিম উদ্দিন (৩৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে চর জব্বার থানা পুলিশ। নিহতের পরিবার বলছে পেটের ব্যাথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

জানা যায়, জসিম উদ্দিন উপজেলার ২নম্বর চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামের মো.নুর করিম বাহারের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রাম থেকে অটোচালকের মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অটোচালক জসিম দীর্ঘ দিন যাবত পেটের জটিল সমস্যায় ভুগছিলেন। শনিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা একটি গাছের সঙ্গে গলায় দড়ি ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে । পরিবারের সদস্যরা তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার করেন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ