রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। মৌসুম শেষে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে, আর এখনো ক্লাবের সঙ্গে নবায়ন নিয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে করে বার্নাব্যুতে রুদিগারের সময় যে শেষের পথে, এমন গুঞ্জন আরো জোরালো হয়েছে।
স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানায়, রুডিগার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় আর্থিক প্রস্তাব পেতে যাচ্ছেন।
সৌদি প্রো লিগের একাধিক ক্লাব তাকে দলে ভেড়াতে প্রস্তুত এবং তারা তাকে লিগের শীর্ষ বেতনভোগীদের একজন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, সৌদি ক্লাবগুলো রুডিগারকে মৌসুমে ৩০ থেকে ৩৫ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিতে প্রস্তুত, যা রিয়াল মাদ্রিদে তার বর্তমান আয় থেকে প্রায় দ্বিগুণ। এই চুক্তি পেলে সৌদি লিগে তার ওপরে বেতন পাবেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো, রিয়াদ মাহরেজ, সাদিও মানে ও করিম বেনজেমা।
গত গ্রীষ্মেও রুদিগারের জন্য সৌদি আরব থেকে শক্তিশালী আগ্রহ ছিল।
তবে তখন তিনি রিয়াল মাদ্রিদেই থেকে নিজের জায়গার জন্য লড়াই করার সিদ্ধান্ত নেন।
জানুয়ারি থেকে রুডিগার চুক্তির শেষ ছয় মাসে প্রবেশ করবেন। নিয়ম অনুযায়ী, এসময় থেকে তিনি যেকোনো ক্লাবের সঙ্গে মুক্তভাবে আলোচনা করতে পারবেন। স্পোর্ত জানিয়েছে, সৌদি প্রতিনিধিরা তার এজেন্টদের সঙ্গে তখনই আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করবে।
তবে লোভনীয় আর্থিক প্যাকেজ থাকা সত্ত্বেও রুডিগারের ব্যক্তিগত ইচ্ছা এখনো ইউরোপে থাকা। বিশেষ করে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলে যেতে তিনি আগ্রহী। কিন্তু চুক্তি নবায়ন নিয়ে ক্লাবের নীরবতা তার সামনে নতুন ভাবনার দরজা খুলে দিচ্ছে।
Post Comment