হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে হান্নান মাসউদের এমপি পদ নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

নোয়াখালী প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগ তুলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে কি না, সে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান দাবি করেন, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে আব্দুল হান্নান মাসউদ নিজেই হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

রাশেদ খানের ভাষ্যমতে, হান্নান মাসউদ টকশোতে বলেছেন যে ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য ও আয়কর রিটার্ন সংক্রান্ত সুবিধার কথা বিবেচনা করে তার আইনজীবীর পরামর্শে হলফনামায় কিছু তথ্য উল্লেখ করা হয়েছিল। যদিও তিনি দাবি করেছেন, তার কোনো স্থাবর সম্পদ নেই। এ বক্তব্যের ভিত্তিতে রাশেদ খান অভিযোগ করেন, হলফনামায় প্রদত্ত তথ্যের সঙ্গে বাস্তবতার অসঙ্গতি রয়েছে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালের ১১ আগস্ট নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানিয়েছিলেন যে, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরও নির্বাচন কমিশন তদন্ত করতে পারবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ সংসদ সদস্য পদও বাতিল হতে পারে এবং এ বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) বিধান সংযোজন করা হয়েছে।

রাশেদ খান দাবি করেন, অতীতে তিনি হান্নান মাসউদকে নিয়ে যেসব তথ্য প্রকাশ করেছিলেন, সেগুলোর সত্যতা যাচাইয়ের ক্ষেত্রেও তার হলফনামায় দেওয়া তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পোস্টে তিনি আরও বলেন, সম্প্রতি হান্নান মাসউদ দাবি করেছেন যে, তার স্ত্রীর বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি তিনি একজন পরিচিত ব্যক্তির কাছ থেকে ধার করা অর্থে পরিশোধ করেছেন। এছাড়া নতুন বাড়ি নির্মাণের জন্য কেনা ইটেরও কিছু অর্থ এখনো পরিশোধ করা হয়নি। এসব বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান প্রশ্ন তোলেন, যদি তার আর্থিক অবস্থা এমন হয়, তবে সেই তথ্য হলফনামায় কেন প্রতিফলিত হয়নি।

তবে রাশেদ খানের উত্থাপিত অভিযোগ ও বক্তব্যের বিষয়ে আব্দুল হান্নান মাসউদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন রাশেদ খান। অন্যদিকে, হাতিয়া আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন আব্দুল হান্নান মাসউদ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ