বিএনপির প্রভাবে: হাতিয়ায় বেড়িবাঁধের জমি দখল করে বসতি বাণিজ্যে!
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর টাংকির ঘাট-চেয়ারম্যান ঘাট নবনির্মিত বেড়িবাঁধের পাশের জমি দখল করে বসতি স্থাপনের মাধ্যমে বাণিজ্য করার অভিযোগ উঠেছে । বিএনপির নাম ভাঙিয়ে প্রতিটি পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা করে নিয়ে এসব বসতি গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জমির মালিক ও স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাতিয়া উপজেলা চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্টের আওতায় ব্রিজিং, সি-ডাইক ও বেড়িবাঁধ নির্মাণ এবং রেগুলেটরের ডাইভারশন খাল খননের জন্য ভূমি অধিগ্রহণ না করেই তাঁদের জমির ওপর দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এসব জমি সরকারি বন্দোবস্তের নথি ও খতিয়ানভুক্ত হওয়ায় তাঁরা নিজেদের বৈধ মালিক ও ভোগদখলকারী বলে দাবি করছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই স্থানীয় রহমান আলী চৌকিদারের ছেলে নুর নবী ও তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হারুনের নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ চক্র তাঁদের বন্দোবস্তীয় নথি ও খতিয়ানভুক্ত জমিতে জোরপূর্বক বসতি স্থাপন করানো হচ্ছে। প্রতিটি পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
এতে বাধা দিতে গেলে জমির মালিকদের প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় তাঁরা হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হাতিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। তবে তাঁদের দাবি, এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগী জমির মালিকরা বলেন, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে তাঁদের জমি দখল করা হচ্ছে। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রাপ্য ক্ষতিপূরণ প্রদান এবং বেড়িবাঁধের বাইরে অবশিষ্ট জমি তাঁদের বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।



Post Comment