সুবর্ণচরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডাস্টবিন বিতরণ

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ নোয়াখালীর সুবর্ণচর শাখার উদ্যোগে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পাঁচটি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক আরিফুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহিব উল্যাহ মহিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার উপদেষ্টা আকবর হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও সাংবাদিক আব্দুল বারি বাবলু, শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কামাল উদ্দিন, আব্দুল জব্বার আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে শিক্ষার্থীরা ঝুড়ি ও ঝাড়ু হাতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। এ সময় বক্তারা পরিচ্ছন্নতা রক্ষায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার গুরুত্ব তুলে ধরেন।

ডাস্টবিন বিতরণ করা হয় পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ, চরবাটা হাবিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবিবিয়া কমিউনিটি ক্লিনিক, হাবিবিয়া কুরআন শিক্ষা কেন্দ্র ও পূর্ব চরবাটা সমাজকল্যাণ পরিষদে।

বক্তব্য রাখতে গিয়ে মুজাহিদুল ইসলাম সোহেল বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”

অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, “শুভসংঘের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলবে। শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এই ডাস্টবিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শিক্ষার্থী সামান্তা রহমান বলেন, “আজকের কার্যক্রমে অংশ নিয়ে আমি অনেক কিছু শিখেছি। আমাদের দায়িত্ব, আমাদের চারপাশ পরিষ্কার রাখা। এখন থেকে আমরা ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলব।”

শিক্ষার্থী সাইফা রহমান অনু বলেন, “শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। আশা করি, আমাদের বিদ্যালয়ের সবাই পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের শেষে শুভসংঘ নেতৃবৃন্দ জানান, সমাজের সকল শুভ কাজে পাশে থাকার প্রত্যয়ে তারা স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ