কোম্পানীগঞ্জে চালক হত্যা করে অটোরিকশা ছিনতাই

জিসান রহমান,
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম সিরাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।

নিহতের মেয়ে মৌসুমী বেগমের বান্ধবী পাকিজা আক্তারের বরাত দিয়ে জানা যায়, প্রায় ২-৩ মাস আগে রফিকুল একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন। সোমবার দুপুরে খাবার খেয়ে তিনি অটোরিকশা নিয়ে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা একাধিকবার তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পান।

পরদিন সকালে স্থানীয়রা চরজব্বার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহতের গলায় দড়ির দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহের গলায় দড়ির কালো দাগ রয়েছে, বাম হাতের আঙুল থেতলানো, পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুখের ভেতরে কিছু প্রবেশ করানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ