সুবর্ণচরে মোটরসাইকেল থামিয়ে দিনদুপুরে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে দিনদুপুরে সড়কে মোটরসাইকেল থামিয়ে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুব্রত চন্দ দাস (৩৮)। তিনি উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে। তাঁর দুটি সন্তান রয়েছে। পুলিশ তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুব্রত বেকার ছিলেন। তাঁর স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্যসেবা বিভাগে চাকরি করেন। সুব্রত দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে তাঁর কর্মস্থল থেকে নিয়ে আসার জন্য রওনা দেন। ধারণা করা হচ্ছে, পথে হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা সুব্রতের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর সেখানে তাঁকে গলা কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়।
নোয়াখালীর সুবর্ণচরে আজ সোমবার দুপুরে নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত
নোয়াখালীর সুবর্ণচরে আজ সোমবার দুপুরে নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

সুব্রতের চাচা লিটন চন্দ্র দাস জানান, স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে সুব্রত খুন হন। তবে হত্যাকাণ্ডের সময় বিষয়টি কেউ দেখেননি। তাঁর মোটরসাইকেলটি ঘটনাস্থলে পড়ে ছিল। পরে স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির বাবা চিরু রঞ্জু দাস বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার জানামতে, তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না। আমি ছেলে হত্যার বিচার চাই।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ