সুবর্ণচরে মোটরসাইকেল থামিয়ে কুপিয়ে হত্যা
নোয়াখালীর সুবর্ণচরে সড়কে মোটরসাইকেল থামিয়ে সুব্রত চন্দ দাস (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের চর জুবলী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
স্বজনরা জানিয়েছেন, সুব্রত কর্মস্থল থেকে স্ত্রীকে আনতে যাচ্ছিলেন।
সুব্রত চন্দ দাস উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বজলুল গ্রামের চিরু রঞ্জন দাসের ছেলে। তাঁর স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্যসেবা বিভাগে পরিদর্শক হিসেবে কর্মরত। এ দম্পতির দুই সন্তান। প্রতিদিন স্ত্রীকে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে আনতে যেতেন সুব্রত।
চিরু রঞ্জন দাসের ভাষ্য, সোমবার দুপুর ১টার দিকে সুব্রত মোটরসাইকেল নিয়ে স্ত্রীকে আনতে বের হন। ২টার দিকে তাঁর ছোট ছেলে বেগমগঞ্জ পাওয়ার প্ল্যান্টে কার্মরত সনজিব দাস মোবাইল ফোনে জানায়, সুব্রত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। খবর পেয়ে তিনি মোটরসাইকেলে করে পরিষ্কার বাজার এলাকায় গিয়ে দেখেন, শত শত মানুষের ভিড়। সেখানে ছেলের গলাকাটা লাশ সড়কে পড়ে থাকতে দেখেন।
চিরু রঞ্জন দাস বলেন, ‘আমার ছেলে বেকার ছিল। তার সঙ্গে কারও কোনো শক্রতা আছে বলে জানা নেই। সে শান্ত ও নিরিবিলি স্বভাবের ছিল।’
এলাকাবাসীর ভাষ্য, চর জুবলী গ্রামের হারিছ চৌধুরীর বাজার-পরিষ্কার বাজার সড়কের পলোয়ান বাড়ির সামনে মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে সুব্রতকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওই ব্যক্তির গলা কাটা ছিল। মাথায়ও কোপের দাগ রয়েছে। কারা তাঁকে হত্যা করেছে, বিষয়টি জানতে তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



Post Comment