মানহানিকর বক্তব্য দেওয়ায় পপিকে আইনি নোটিশ

সাদিকা পারভিন পপি।

 অনলাইন ডেস্ক

  চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে আইনি নোটিশ পাঠিয়েছেন মো. তারেক আহমেদ চৌধুরী নামের এক ব্যক্তি।

মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডলের মাধ্যমে পপির খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

মো. তারেক আহমেদ চৌধুরী সম্পর্কে নায়িকা পপির চাচাতো বোনজামাই। তারেক বলেন, আমার স্ত্রী সম্পর্কের আত্মীয় সাদিকা পারভিন পপি বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেন, যা অত্যন্ত দুঃখজনক। তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে পারিবারিকভাবে কথা বলতে পারেন কিংবা আইনিভাবে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু তিনি সেটা না করে বিভিন্ন মাধ্যমে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন। সেজন্য আইনিভাবে তাকে এই বিষয়গুলো আমি জানিয়েছি।

পপিকে আইনি নোটিশ পাঠানো প্রসঙ্গে তারেক আহমেদ চৌধুরীর আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল গণমাধ্যমকে জানান, তার মক্কেল ঢাকায় একটি আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে আছেন। সাদিকা পারভিন পপির প্রয়াত চাচা প্রয়াত মিয়া কবির হোসেনের জামাতা হলেন তার মক্কেল তারেক আহমেদ চৌধুরী। বৈবাহিক সূত্রে তার সঙ্গে পপির আত্মীয়তার সম্পর্ক।

গত ২১ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনে পপি মো. তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘মানহানিকর’ অভিযোগ করেছেন বলে নোটিশে বলা হয়েছে।

নোটিশ দেওয়ার সাত দিনের মধ্যে সময় টিভিতে ক্ষমা প্রার্থনা করতে এবং একই সঙ্গে জনসমক্ষে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। তা নাহলে এই নায়িকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে বলা হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ