চিপসের প্যাকেটে লুকানো ইয়াবা: নোয়াখালীতে ১ হাজার পিসসহ আটক ১
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় অভিনব কৌশলে চিপসের প্যাকেটের ভেতর লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। এর আগে সোমবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষী নারায়ণপুর এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আফসার উদ্দিন (৩২)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুচামরী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাইজদীর মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আফসারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেটে থাকা কালো কসটেপে মোড়ানো একটি চিপসের প্যাকেটের ভেতর থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে।



Post Comment