নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে (৬০) লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে সরিয়ে বাঁচাতে গিয়ে তার ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুলিতে সেন্টুর বুকের বাম পাশে আঘাত লাগে। অন্যদিকে আবুল কাশেমের হাতেও গুলির আঁচড় লাগে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী আবুল কাশেম চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি হকার্স মার্কেটের কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত পৌনে ১২টার দিকে তিনি সহযোগী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে কার্যালয় থেকে বের হন।

হকার্স মার্কেটের মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেন্টু তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে গুলি তার বুকের বাম পাশে লাগে। একই ঘটনায় আবুল কাশেমের হাতেও গুলির আঁচড় লাগে।

পরে স্থানীয়রা আহত ইয়াছিন সেন্টুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ কিংবা কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং অপরজনের হাতে গুলির আঘাত লেগেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপি নেতা হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগী ইয়াছিন সেন্টুর বুকে লাগে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ