নোয়াখালীতে অটোরিকশাচালককে তুলে নিয়ে গুলি, চাঁদা দাবির অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন ওরফে রাকিব নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাকিব একই ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রাকিবের অভিযোগ, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে কেনাকাটা শেষে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাঁর অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাঁকে স্থানীয় একটি বাড়ির পেছনে নির্জন স্থানে তুলে নিয়ে যাওয়া হয়।

রাকিব দাবি করেন, সেখানে আলমগীর, রাজন, রিপন ও আলম নামে চার যুবক তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর সঙ্গে থাকা নগদ ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তাঁর ডান পায়ের হাঁটুতে গুলি করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায় রাকিব পাশের একটি ডোবায় লাফ দিয়ে আত্মরক্ষা করে সেখান থেকে পালিয়ে আসেন বলে জানান।

এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। ফলে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, এক অটোরিকশাচালকের পায়ে ছোট ক্যালিবারের গুলি লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের পাশাপাশি গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ